উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণকাজের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস। এ সময় তাঁর মাথা ও চোখের নিচে আঘাত লাগে। হামলাকারীরা তাঁর পেশাগত ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করেন সাংবাদিক উল্লাস। মামলায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার হোসেন ও ছেলে শোভন হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমারখালী পৌরসভার গণমোড় থেকে নবগ্রহ মন্দির পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে সরেজমিনে দেখতে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।
পরিদর্শনের সময় সাংবাদিক উল্লাস নির্মাণকাজের ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন। অভিযোগ রয়েছে, তখন কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
পরে তাঁর ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সাংবাদিক নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।