উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. ছানোয়ারা বেগম (৫১) বাদী হয়ে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামে আব্দুল ওহাবের ধানের জমি থেকে ঘাস কেটে নিয়ে আসছিলেন মাগুরা নিচিমপুর গ্রামের মো. বাবুলের স্ত্রী মোছা. ছানোয়ারা বেগম। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার মো. আজাদুল ইসলাম (২৮), পিতা মো. আফসার আলীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তার পথরোধ করেন।
অভিযোগে বলা হয়েছে, অন্যের জমি থেকে ঘাস কাটার অভিযোগ তুলে বিবাদীরা ছানোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও কালশিরা সৃষ্টি হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীর স্বামী মো. বাবুল স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ছানোয়ারা বেগম পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে স্থানীয় মোছা. ছকিনা আক্তার (৪০) ও মো. সোহাগ হাসান (২০)সহ কয়েকজনকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মো. আজাদুল ইসলাম। তিনি বলেন, আব্দুল ওহাবের ধানের জমি থেকে ছানোয়ারা বেগম ঘাস তুলে নিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেয়ে নিষেধ করলে ছানোয়ারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি তাকে কোনো মারধর করেননি দাবি করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে পাঁচবিবি উপজেলার নন্দীগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এএসআই মো. ছানোয়ার হোসেন বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’