উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, শনিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিরোধী দলের লংমার্চ উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চের গন্তব্য, দাবি ও কর্মসূচি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লংমার্চে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের উপস্থিতি এবং পুলিশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার কথাও উল্লেখ করা হয়।
পোস্টটি প্রকাশের পর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পোস্টটি সংশোধন করে মুছে ফেলা হয়।
এরপর ওই কর্মকর্তাকে প্রত্যাহারের পাশাপাশি শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।