উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি কক্ষের জানালা দিয়ে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কক্ষে প্রবেশ করবে।
ঘটনাটি কখন ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে এর আগে বিভিন্ন বক্তব্য ও প্রতিবেদন প্রকাশিত হয়। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়েছে। একই দাবি করেছিলেন মরিয়ম ও তার পরিবারের সদস্যরাও।
তবে ওই বিয়ের কাবিননামা ও অন্যান্য নথি নিয়ে তখন বিভিন্ন প্রশ্নও সামনে এসেছিল।
এদিকে, মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।