উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আব্দুল গনি (৪৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল গনি ভাড়ারা ইউনিয়নের নলদা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
স্থানীয় জামায়াতের নেতারা জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল গনির বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
ভাড়ারা ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আব্দুল গনিকে হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনায় তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান ও তার অনুসারীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আব্দুল গনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আব্দুল গনির মৃত্যুর ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে পাবনা জেলা জামায়াত। এক বিবৃতিতে সংগঠনটির নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।