উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬-এর সংশোধনী খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ক্রয় আইনে সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রয়চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি আধুনিকায়নের প্রস্তাব রাখা হয়েছে।
খসড়ায় পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নির্ণায়কের ভিত্তিতে অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতিতে বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নিয়ে ক্রয় প্রস্তাব মূল্যায়ন করা হবে। এ ছাড়া সম্পদের সুষম বণ্টনে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।