উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের ওপর কড়া দায়িত্বশীলতার নিয়ম চালুর প্রস্তাব করেছে অস্ট্রেলিয়া সরকার। এই মাসের শুরুতে প্রকাশিত নতুন খসড়া আইনে ব্যবহারকারীদের জন্য অ্যালগরিদম বন্ধ করার সুযোগ রাখার কথা বলা হয়েছে। চলতি বছরের শেষের দিকে সোশাল মিডিয়া কোম্পানি, শিল্প সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বিলটি সংসদে পেশ করা হবে। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বিরোধী লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন বর্তমান রূপের বিলটির বিরোধিতা করে বলেছে যে এতে বাকস্বাধীনতা ও সাংবাদিকতার জন্য পর্যাপ্ত সুরক্ষার অভাব রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোতে অ্যাপলের সদর দফতরে কোম্পানির নির্বাহী চেয়ারম্যান টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইন্টারনেটের বিপদ থেকে শিশুদের রক্ষায় অস্ট্রেলিয়া একা এটি করতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, শিশুদের অনলাইন ক্ষতি থেকে রক্ষা করার কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ান সরকার দেশটির অনলাইন নিরাপত্তা আইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রবিধান জোরদার করতে বিশ্বব্যাপী প্রযুক্তি জায়ান্টদের সহযোগিতা চাইছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী আলবেনিজ শিল্প খাতের নেতাদের গুরুতর নিরাপত্তার সতর্কবার্তার পর শক্তিশালী এআই প্রবিধানের আহ্বান জানিয়েছেন। তিনি জানান যে চলতি বছরের শেষ নাগাদ অস্ট্রেলিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নতুন মানদণ্ড প্রবর্তন করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে আলবেনিজ বলেন যে তার লেবার সরকার প্রযুক্তি যেন মানুষের উপকারে আসে তা নিশ্চিত করছে। এদিকে টিম কুকও এক্সে দেওয়া এক পোস্টে জানান যে তিনি শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করার জন্য নতুন ও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা আলবেনিজের সঙ্গে শেয়ার করেছেন।