উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠনটির আট নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইমরান হোসেন ইমন, মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন ও ইয়াসিন সাইফ। এছাড়া ছাত্রনেতা কাব্য সাহাকেও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে নাহিয়ান বিন অনিকের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে রোববার সকালে জবি ক্যাম্পাসে ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতেই বহিষ্কার ও কারণ দর্শানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।