উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখল, স্থাপনা নির্মাণ ও জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ওমর ফারুক।
সংবাদ সম্মেলনে ওমর ফারুক বলেন, ২০১৩ সালের ৩০শে ডিসেম্বর আব্দুল হক ও নুরুল হক সীতাকুণ্ড সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট সম্পত্তি বিক্রি করেছিলেন। পরবর্তীতে আব্দুল হক মারা যাওয়ার পর তার ওয়ারিশরা ওই সম্পত্তিতে জোরপূর্বক দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। সম্পত্তির স্বত্ব ঘোষণা ও দলিল বাতিলের দাবিতে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১২০/২০২৪ নম্বর মামলা করা হয়েছে এবং আদালত আব্দুল হকের ওয়ারিশদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।
ওমর ফারুক আরও অভিযোগ করেন যে, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার ও মো. আবু তাহেরের বণ্টননামা ও নামজারিভুক্ত ৪ দশমিক ১৭ শতক এবং মাসুদ পারভেজ সাহেদের দলিলভুক্ত ১ দশমিক ৫১ শতক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ফেসবুকের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতের আদেশ বাস্তবায়ন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে মো. আবু তাহের, নাঈম উদ্দীন, মাসুদ পারভেজ সাহেদ, মো. সোহেল, মো. ওয়াহিদ ও মো. তৈয়ব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।