উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার, ১৯৬০ (এমপিও)-এর ৩ নম্বর ধারায় আটক করেছে পুলিশ। রোববার দলীয় সূত্রে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লাহোরের আপার মলে নিজ বাসা থেকে জিমে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর তাকে আটক করা হয়। পরে লিটন রোড থানা পুলিশ তাকে কোট লাখপত কারাগারে পাঠায়।
আলিমা খানের বোন নূরিন নিয়াজি জিও নিউজকে বলেন, বাসা থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয় এবং পরে তিনি কোট লাখপত কারাগারে নেওয়ার খবর পান। সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, নারীদেরও কেন গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা কেন এত উদ্বিগ্ন। তিনি জানান, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান তাকে ফোন করে আটকের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং এ ধরনের পদক্ষেপে তারা ভয় পান না বলে জানান তিনি।
পিটিআই প্রধান আলিমার গ্রেপ্তারকে সহিংসতা ও উত্তেজনা বাড়ানোর শামিল বলে মন্তব্য করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতির অবনতি ঘটানোর দিকে এটি একটি প্রথম পদক্ষেপ। এর আগে ব্যারিস্টার গওহর রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে মত দিয়ে বলেন, সব পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে।
এদিকে সাবেক এই ক্ষমতাসীন দল দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে এবং এর অংশ হিসেবে আগামী ২৭শে সেপ্টেম্বর ইসলামাবাদে পদযাত্রার কর্মসূচি দিয়েছে। দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবি আদায়ে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে।