উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ঐতিহ্যবাহী মনসা মেলা আয়োজন ঘিরে ৭০ লাখ টাকার আর্থিক সমঝোতার অভিযোগ উঠেছে। মেলা আয়োজনের জন্য একাধিক আবেদন করা হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আবেদনকারীকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এরই মধ্যে একই এলাকায় নতুন একটি মেলার কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, মনসা পূজা উপলক্ষে ৪৫ দিনব্যাপী মেলা আয়োজনের অনুমতি চেয়ে ‘হাসান ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। আবেদনে ১৭ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর লঞ্চঘাট থেকে আল্লাহ চত্বর পর্যন্ত খালি জায়গায় ‘তাঁতবস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা’ আয়োজনের জন্য বাংলাদেশ উইভার্স প্রডাক্ট এন্ড ম্যানুঃ বিজনেস এসোসিয়েশনও আবেদন করে। পরে জায়গা প্রস্তুত না হওয়ায় তারা সময়সূচি পরিবর্তন করে ৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মেলা আয়োজনের আবেদন জানায়।
এ মেলা আয়োজনের বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড থেকেও জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়। তবে ওই চিঠিতে জেলা প্রশাসনকে বিধি অনুযায়ী অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছে; এটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে উল্লেখ করা হয়নি।
এদিকে, মনসা মেলা আয়োজনকে কেন্দ্র করে বেলাল নামে এক ব্যক্তির আবেদন এবং মিজান নামে আরেক ব্যক্তির প্রস্তুতিমূলক তৎপরতার কথা জানা গেছে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, সাবেক বিএনপির এক নেতাকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে মেলার জায়গা ও আয়োজন নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে ৪ লাখ টাকা অগ্রিম এবং মোট ৭০ লাখ টাকার আর্থিক সমঝোতার কথাও আলোচনায় এসেছে।
৭০ লাখ টাকার কথিত সমঝোতার অর্থ কারা পাবেন—কে বা কারা এর ভাগীদার, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মেলার জায়গা, অনুমোদন প্রক্রিয়া এবং কথিত অর্থের লেনদেনের সঙ্গে কারা জড়িত—তা নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
জেলা প্রশাসনের চূড়ান্ত অনুমোদন না থাকার পরও নতুন একটি মেলার কার্যক্রম কীভাবে শুরু হলো, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ।