উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা-মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও মারা যান।
দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করে। তবে দুর্ঘটনায় নয়জনেরই মৃত্যু হয়।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে গাড়ির আকস্মিক গতিপথ পরিবর্তনকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
আল-আহসার বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে আল-উকাইর-আল-উয়ুন সড়কটি ব্যবহৃত হয়।