উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানুষের মতো দেখতে ও মানুষের জন্য তৈরি পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবটের ব্যবহার বাড়ছে। আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিল্প ও পেশাগত সেবার কাজে বিশ্বজুড়ে প্রায় ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে।
তবে বিশ্বে মোট রোবটের সংখ্যার তুলনায় হিউম্যানয়েড রোবটের এই সংখ্যা এখনো খুবই কম। একই সঙ্গে প্রযুক্তিটিতে বিপুল বিনিয়োগ এবং দ্রুত অগ্রগতির কারণে আগামী কয়েক বছরে এ খাতে বড় ধরনের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন-এর মহাসচিব সুসান বিয়েলার রয়টার্সকে বলেন, ২০২৫ সালে বিক্রি হওয়া অনেক হিউম্যানয়েড রোবট এখনো সরাসরি উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে না। গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানি এসব রোবট কিনেছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্নয়নের জন্য তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো হিউম্যানয়েড রোবট ব্যবহারে অন্যতম আগ্রহী। বিভিন্ন কারখানায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোবট দিয়ে কাজ করানো হচ্ছে। কোনো কোনো কারখানায় রোবটের সংখ্যা এক অঙ্কে, আবার কোথাও দুই অঙ্কেও পৌঁছেছে।
আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৫ লাখ ৪২ হাজার সাধারণ শিল্প রোবট স্থাপন করা হয়েছিল। একই বছরে পরিবহন, আতিথেয়তা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবাখাতে প্রায় ১ লাখ ৯৯ হাজার সার্ভিস রোবট বিক্রি হয়।
অন্যদিকে, হিউম্যানয়েড রোবটের ভবিষ্যৎ বাজার নিয়ে বড় ধরনের পূর্বাভাস রয়েছে। ব্যাংক অব আমেরিকা গ্লোবাল রিসার্চের হিসাবে, ২০২৬ সালে বিশ্বজুড়ে প্রায় ৯০ হাজার হিউম্যানয়েড রোবট সরবরাহ হতে পারে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১২ লাখে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
চীন বর্তমানে শিল্প রোবটের বিশ্বের সবচেয়ে বড় বাজার। দেশটিতে সম্প্রতি আয়োজিত একটি রোবট প্রতিযোগিতায় হিউম্যানয়েড রোবটের দৌড় ও বক্সিংয়ের প্রদর্শনীও হয়েছে।
আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন প্রায় তিন দশক ধরে রোবট শিল্পের পরিসংখ্যান সংগ্রহ করছে। এবারই প্রথম বৃহৎ শিল্প ও সার্ভিস রোবটের তথ্যের পাশাপাশি হিউম্যানয়েড রোবটের বিক্রির পরিসংখ্যান আলাদাভাবে সংগ্রহ শুরু করেছে।
তবে আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশন-এর এই হিসাবের আওতায় ভোক্তা পর্যায়ের ও সামরিক কাজে ব্যবহৃত হিউম্যানয়েড রোবট রাখা হয়নি। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত রোবটও আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।