উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীরের দুর্গন্ধকে অনেকেই পরিচ্ছন্নতার ঘাটতি হিসেবে দেখেন। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত ও অস্বাভাবিক দুর্গন্ধে ভোগা কিছু মানুষের ক্ষেত্রে এর পেছনে থাকতে পারে বিশেষ শারীরিক সমস্যা। ব্রোমহাইড্রোসিস নামে পরিচিত এই অবস্থায় নিয়মিত গোসল বা সাধারণ ডিওডোরেন্ট ব্যবহার করেও অনেক সময় সমস্যার সমাধান হয় না।
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রোমহাইড্রোসিসে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক ও মানসিক জীবনে এর প্রভাব ব্যাপক হতে পারে। কেউ কেউ দুর্গন্ধের কারণে মানুষের কাছাকাছি যেতে, গণপরিবহন ব্যবহার করতে কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পর্যন্ত সংকোচ বোধ করেন। বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শরীরের দুর্গন্ধ নিয়ে কাজ করা বিজ্ঞানী ক্রিস কালেওয়ার্টের মতে, কিছু ক্ষেত্রে গোসলের মাত্র ১৫ মিনিট পরই দুর্গন্ধ তৈরি হতে শুরু করতে পারে। কারণটি সবসময় অপর্যাপ্ত পরিচ্ছন্নতা নয়; বরং ত্বকের ব্যাকটেরিয়ার ভারসাম্য ও ঘামের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শারীরিক প্রক্রিয়া এতে ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে বগল, স্তনের নিচের অংশ ও কুঁচকিতে থাকা অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে এক ধরনের ঘাম নিঃসৃত হয়। এই ঘাম নিজে সাধারণত গন্ধহীন। তবে ত্বকে থাকা ব্যাকটেরিয়া ওই নিঃসরণ ভাঙার সময় যে রাসায়নিক পদার্থ তৈরি করে, সেখান থেকেই শরীরের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অ্যাপোক্রাইন গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হতে পারে অথবা দুর্গন্ধ সৃষ্টিকারী নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। বয়ঃসন্ধি, শরীরের মাইক্রোবায়োমের পরিবর্তন, বিপাকীয় রোগ কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও শরীরের দুর্গন্ধের পরিবর্তন দেখা দিতে পারে। প্রতিবেদনে ৬৬ বছর বয়সী এক নারীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। মেনোপজের সময় অতিরিক্ত ঘাম ও দীর্ঘস্থায়ী শরীরের দুর্গন্ধের সমস্যায় পড়ার পর তিনি গণপরিবহন ও সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে শুরু করেন। চিকিৎসা ও বিভিন্ন ধরনের পণ্য ব্যবহারে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দীর্ঘ সময় ধরে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে, সমস্যাটির আরেকটি দিক হলো সামাজিক stigma বা নেতিবাচক ধারণা। শরীর থেকে দুর্গন্ধ পাওয়া ব্যক্তিকে অনেক সময় অলস, অপরিচ্ছন্ন বা নিজের যত্ন না নেওয়া মানুষ হিসেবে দেখা হয়। অথচ আক্রান্ত অনেকেই দুর্গন্ধ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে নানা ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন।
ব্রোমহাইড্রোসিসের নির্দিষ্ট কোনো সর্বজনস্বীকৃত মাত্রা বা পরীক্ষাভিত্তিক সীমা নেই, যার মাধ্যমে সহজেই বলা যায় কখন সাধারণ শরীরের গন্ধ একটি রোগে পরিণত হয়েছে। এ কারণে সমস্যাটি কত মানুষের রয়েছে, তার সঠিক পরিসংখ্যানও পাওয়া কঠিন। শরীরের দুর্গন্ধ কমাতে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, উপযুক্ত পোশাক, নিয়মিত কাপড় পরিষ্কারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। কিছু ক্ষেত্রে লেজার হেয়ার রিমুভাল, ওয়াক্সিং বা বোটক্সের মতো চিকিৎসাও ঘাম কমাতে সহায়ক হতে পারে। বগলের ঘামগ্রন্থি ও গন্ধগ্রন্থি কমানোর জন্য নির্দিষ্ট প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে।তবে বিশেষজ্ঞরা বলছেন, সব রোগীর ক্ষেত্রে একই পদ্ধতি কাজ করে না। দীর্ঘস্থায়ী সমস্যার পেছনে শারীরিক কারণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কারণটি শনাক্ত করা গুরুত্বপূর্ণ। শরীরের গন্ধের পরিবর্তন কখনো কখনো কিছু অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার সঙ্গেও সম্পর্কিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই হঠাৎ বা অস্বাভাবিকভাবে শরীরের গন্ধ বদলে গেলে সেটিকে শুধু ডিওডোরেন্টের সমস্যা হিসেবে না দেখে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও শরীরের মাইক্রোবায়োমও দুর্গন্ধের মাত্রায় প্রভাব ফেলতে পারে বলে গবেষকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও মাংসনির্ভর খাদ্যাভ্যাস এবং কম শাকসবজি খাওয়ার সঙ্গে তীব্র শরীরের গন্ধের সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে বড় বিষয় হলো—এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক আচরণ। বিশেষজ্ঞদের মতে, কাউকে দুর্গন্ধযুক্ত মনে হলেই তাকে অপরিচ্ছন্ন হিসেবে বিচার না করে বিষয়টির পেছনে কোনো শারীরিক বা চিকিৎসাগত কারণ থাকতে পারে—এ বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। দীর্ঘস্থায়ী শরীরের দুর্গন্ধ শুধু শারীরিক অস্বস্তি নয়; এটি আত্মবিশ্বাস, সামাজিক যোগাযোগ, কর্মজীবন ও দৈনন্দিন জীবনেও বড় প্রভাব ফেলতে পারে। তাই সমস্যাটিকে উপহাস বা অবহেলার পরিবর্তে স্বাস্থ্যগত বিষয় হিসেবে দেখার প্রয়োজন রয়েছে।