উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হিউম্যানয়েড রোবট নিয়ে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের মধ্যে চীনে এই খাতের কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় কড়াকড়ি শুরু হয়েছে। অতিরিক্ত মূল্যায়ন এবং সরকারি সহায়তানির্ভর প্রকল্প থেকে আসা আয় প্রকৃত বাণিজ্যিক চাহিদার প্রতিফলন কি না, তা খতিয়ে দেখছে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলো। সংশ্লিষ্ট কয়েকজনের বরাত দিয়ে Reuters জানিয়েছে, হিউম্যানয়েড রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আইপিও অনুমোদনের ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে বাড়তি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ খাতে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে একটি সূত্র জানিয়েছে। অন্য একটি সূত্রের ভাষ্য, আপাতত অনেক আইপিও কার্যত আটকে আছে।
চীনের হিউম্যানয়েড রোবট খাতে নিয়ন্ত্রক নজরদারি বাড়ার অন্যতম কারণ হিসেবে ইউনিট্রি রোবোটিক্সের শেয়ারের অস্থির লেনদেনকে দেখা হচ্ছে। সাংহাইয়ে তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ার একপর্যায়ে পাঁচ গুণের বেশি বেড়েছিল। পরে সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কমে যায়।
চীন সরকার ‘এমবডিড ইন্টেলিজেন্স’ বা বাস্তব জগৎ উপলব্ধি করে সেখানে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে এগিয়ে নিচ্ছে। এর ফলে বেসরকারি বিনিয়োগকারী ও স্থানীয় সরকারগুলোর কাছ থেকেও রোবোটিক্স খাতে অর্থপ্রবাহ বেড়েছে। তবে বিনিয়োগের এই উচ্ছ্বাসের সঙ্গে কোম্পানিগুলোর প্রকৃত ব্যবসায়িক সক্ষমতার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠছে। কিছু বেসরকারি বাজারে রোবোটিক্স প্রকল্পের মূল্যায়ন ইতোমধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে বলে এক বিনিয়োগকারী জানিয়েছেন।
নিয়ন্ত্রকদের বিশেষ নজরে রয়েছে স্থানীয় সরকারের সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প থেকে আসা রাজস্ব। এর মধ্যে রোবট প্রশিক্ষণের জন্য ডেটা সংগ্রহ কেন্দ্র এবং স্থানীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ রয়েছে। একটি সূত্রের মতে, কোনো কোনো যৌথ প্রকল্পে স্থানীয় সরকার প্রাথমিক বিনিয়োগের ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত অর্থ দিতে পারে। এসব প্রকল্প থেকে পাওয়া অর্ডার কোম্পানিগুলোর মূল্যায়ন বাড়াতে এবং শেয়ারবাজারে তালিকাভুক্তির যোগ্যতা অর্জনে সহায়তা করতে পারে।
কিন্তু নিয়ন্ত্রকদের প্রশ্ন হলো—এসব আয় কি স্বাধীন বেসরকারি গ্রাহকদের প্রকৃত চাহিদা থেকে আসছে, নাকি সরকারি সহায়তানির্ভর প্রকল্পের ওপর নির্ভরশীল? একজন সংশ্লিষ্ট ব্যক্তির হিসাব অনুযায়ী, ডেটা সংগ্রহ কেন্দ্র থেকে পাওয়া আয় বাদ দিলে কোনো কোনো রোবোটিক্স কোম্পানির মূল্যায়ন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
হিউম্যানয়েড রোবট নিয়ে প্রযুক্তিগত প্রদর্শনী যত বাড়ছে, বিনিয়োগকারীদের প্রশ্নও তত স্পষ্ট হচ্ছে—এই রোবটগুলো বাস্তবে কতটা কাজে লাগছে?
বিশ্লেষকদের মতে, এখন শুধু প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন বা ভবিষ্যৎ সম্ভাবনা দিয়ে বিনিয়োগ আকর্ষণ যথেষ্ট নয়। রোবট কতটি বাস্তবে মোতায়েন হয়েছে, কত অর্ডার পাওয়া যাচ্ছে এবং কোম্পানি নিয়মিত বাণিজ্যিক আয় করতে পারছে কি না—এসব বিষয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীনের অন্তত ছয়টি হিউম্যানয়েড রোবট কোম্পানি শেয়ারবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে Reuters জানিয়েছে। এর মধ্যে রয়েছে ডিপ রোবোটিক্স, এক্স স্কয়ার রোবট ও এজিবট।
তবে নিয়ন্ত্রক সংস্থার এই কড়াকড়িকে চীনের হিউম্যানয়েড রোবট খাত থেকে সরে আসার সংকেত হিসেবে দেখা হচ্ছে না। বরং প্রযুক্তির বাস্তব প্রয়োগ, অর্ডারের পরিমাণ এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানোর পদক্ষেপ হিসেবে এটিকে ব্যাখ্যা করছেন সংশ্লিষ্টরা।এদিকে চীনের রোবোটিক্স খাতে বিনিয়োগের আগ্রহ পুরোপুরি কমে যায়নি। তবে বিনিয়োগকারীরা এখন কোম্পানির মূল্যায়নের পাশাপাশি বাস্তবে রোবট কোথায়, কীভাবে এবং কতটা ব্যবহৃত হচ্ছে—সেদিকেই বেশি নজর দিচ্ছেন।