উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে বিপুল পরিমাণ স্বর্ণ থাকার গোপন তথ্যের ভিত্তিতে অবতরণের পরপরই তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা।
স্বর্ণ উদ্ধার কাস্টম হলে দেখানো হচ্ছে উদ্ধারকৃত স্বর্ণ
প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবার শনাক্ত করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা হওয়ায় ৫০টি বারের মোট ওজন দাঁড়ায় ৫০০ তোলা বা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে ১০০টিরও বেশি স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে অভিযানে এখন পর্যন্ত ৫০টি স্বর্ণবার উদ্ধার হয়েছে।
স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার না হয়ে উড়োজাহাজের টয়লেটে লুকানো অবস্থায় পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্বর্ণগুলো কারা সেখানে রেখেছিল এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।