উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় লোকজনের মাঝে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০.০৬ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি পুনঃনির্মাণের কাজ পায় মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা থাকলেও পরে এর মেয়াদ বাড়ানো হয়। ইতোমধ্যে ব্রিজটির ৮০ শতাংশ কাজ শেষ হলেও বাকি রয়েছে ২০ শতাংশ।
স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর ও আজিজ মিয়া অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান দিনের কাজ রাতের আঁধারে চালিয়ে আসছিল এবং গোপনে বাঁশ দিয়ে ঢালাই করছিল। এলাকাবাসী এই ন্যাক্কারজনক দুর্নীতির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেন, শাটার খোলার সুবিধার্থে ওই গ্যাপগুলোতে বাঁশ দিয়ে স্ল্যাব বানিয়ে কাজ করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করেছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান। সহকারী প্রকৌশলী জানিয়েছেন এই কাজের দায়ভার উপজেলা দপ্তরের নয় এবং বিষয়টি জেলা প্রকৌশলীকে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, দ্রুত তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।