উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হবে দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসারসুয়াক এলাকায়, যেখানে শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ছিল। অন্যটি হবে পূর্ব উপকূলের মেস্টারসভিগ এলাকায়, বর্তমানে যে স্থানটি ডেনমার্কের বিশেষ বাহিনীর স্লেজ টহল ইউনিট ‘সিরিয়াস ডগ স্লেড প্যাট্রোল’ ব্যবহার করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। তাদের দুজন জানিয়েছেন, মঙ্গলবার ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চুক্তিটি সই হওয়ার কথা।
তবে চুক্তির পূর্ণাঙ্গ খসড়া এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, স্বাক্ষরের আগ পর্যন্ত এর কিছু বিষয় চূড়ান্ত নাও হতে পারে।
দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসারসুয়াকে ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্র বন্ধ করে দেওয়া ‘ব্লুই ওয়ান’ সামরিক ঘাঁটির স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন ঘাঁটি বন্ধ হওয়ার পর ওই এলাকার জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এখন কয়েক ডজনে নেমে এসেছে।
অন্যদিকে, পূর্ব উপকূলের মেস্টারসভিগ একটি সামরিক চৌকি, যা বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর ‘সিরিয়াস ডগ স্লেড প্যাট্রোল’ ব্যবহার করে।
চুক্তির বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। হোয়াইট হাউসও চুক্তির বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এক মুখপাত্র বলেছেন, মঙ্গলবারের চুক্তির লক্ষ্য হবে ‘গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত করা।’
ডেনমার্কের দাবি, নতুন চুক্তির মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর আওতায় থাকবে; ফলে বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের দ্বিপক্ষীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার আকাঙ্ক্ষার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিভিন্ন সময়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ক্ষেত্রে সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে জনমত জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার ধারণা প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্পের এ অবস্থান নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ন্যাটোর ভেতরে কূটনৈতিক সংকট তৈরি হয়। এরপর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আলোচনা শুরু হয়।
শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক স্থাপনা এবং ১০ হাজারের বেশি সামরিক সদস্য ছিল। বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের একমাত্র সামরিক স্থাপনা হলো পিটুফিক স্পেস বেস। সেখানে প্রায় ১৫০ মার্কিন সামরিক সদস্য রয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স