উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ফ্লাইটটি নিউইয়র্কে যায়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে থাকা বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা হোটেলের সামনে জড়ো হয়ে তাকে স্বাগত জানান। এ সময় ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে তারা স্লোগান দেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বনেতারা বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন বলে সূচিতে রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রও জানিয়েছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশ ও জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী তুরস্ক, ভুটান, হাইতি, ক্রোয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ডের সরকারপ্রধানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কর্মসূচিতে রয়েছে। কুয়েতের যুবরাজের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য রূপান্তর নিয়ে উচ্চপর্যায়ের আলোচনাতেও অংশ নেবেন তিনি। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে। জাতিসংঘের অফিসিয়াল সূচিতেও ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে।
সফরে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কর্মসূচি রয়েছে। এসব আলোচনায় বিনিয়োগ, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে কথা হতে পারে।
প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করে ২৭ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরটি হবে জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতি।