উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি করা ১৩ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিশুটির বাবা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ সরকার, মোর্শেদা খাতুন ও জেসমিন আক্তার।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নিজের ১৩ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান বাবা হামিদুল ইসলাম। পরে আব্দুল মজিদ সরকার ও মোর্শেদা খাতুনের মধ্যস্থতায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর শিশুটিকে ফিরে পেতে তার মা রোমানা খাতুন আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে হামিদুল ইসলামের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি করা হয়।
পুলিশের ভাষ্য, ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে জেসমিন আক্তারের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই ঘটনায় শিশুটির বাবা হামিদুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।