উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কয়েকটি ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় দু-একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’
তিনি বলেন, সরকার কোনো রাজনৈতিক সংকট দেখছে না। তাঁর বক্তব্য অনুযায়ী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে—এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত।
সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা ভারতের উদাহরণও দেন। তিনি বলেন, ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন কিংবা এর আগে কৃষকদের আন্দোলনের মতো বড় কর্মসূচি হলেও সরকারের পদত্যাগ দাবি করা হয়নি।
জাহেদ উর রহমান বলেন, ‘ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই ভালো হয়।’
এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।