উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাসক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ৭৬ বছর বয়সে মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর প্রকাশের পর দুবাইয়ের শাসক পরিবার ও দেশটির শীর্ষ নেতৃত্বে শোকের আবহ তৈরি হয়েছে। তার মৃত্যুতে সম্মান জানিয়ে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ছিলেন আধুনিক দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শাসক প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান।
দীর্ঘ কর্মজীবনে দুবাইয়ের নিরাপত্তা, ব্যবসা ও ক্রীড়াঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। দুবাইয়ের ঘোড়দৌড় ও ক্রীড়াঙ্গনের বিকাশেও তার ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্স ও জেবেল আলি স্টেবলস প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িত। ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ দেশটির শীর্ষ নেতৃত্ব শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দুবাই শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।