উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম আদালতের এই আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ইমার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে কমিশনের নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী জমা দেননি। এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজের দখলে রাখার অপরাধ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগে দুদক গত বছরের ৪ জুন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে সমস্যা হবে এবং তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দুর্নীতি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই বর্তমানে তাঁর স্ত্রীর ওপর এই বিদেশযাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হলো।