উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সাপের কামড়ে ফাতেমা (৪) নামের এক শিশুর মৃত্যুর দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বিল্লাল হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজ ঘরে অবস্থানকালে শিশু ফাতেমাকে সাপে কামড় দেয় বলে তার মা দাবি করেন। তিনি জানান, সাপে কাটার পর সাপটিকে সামনে থেকে চলে যেতেও দেখেছেন।
পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় রাত ৯টার দিকে শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। তবে বিষপ্রতিরোধী ওষুধ (এন্টিভেনম) প্রয়োগের প্রস্তুতি নেয়ার আগেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, শিশুটির মা সাপে কাটার দাবি করলেও চিকিৎসকেরা পরীক্ষা করে তার শরীরে সাপের দংশনের কোনো আলামত পাননি।