উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন অভিযানে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের হাতে ৭০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, মিরপুর ডিওএইচএস-এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বজনদের হাতে বরাদ্দপত্র হস্তান্তর করেন। ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে এই এলাকায় দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী ও আহত বীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।