উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) মহাসচিব ফিরাস আবু হিলাল জানিয়েছেন, ইসরায়েলি দখলদারিত্ব, চেকপয়েন্ট, চলাচলে বিধিনিষেধ এবং ক্রীড়া স্থাপনায় হামলার কারণে দীর্ঘদিন ফিলিস্তিনি ফুটবল স্থবির হয়ে ছিল। গাজায় ৯০ শতাংশ স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে এবং অনেকগুলো বর্তমানে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়শিবিরে পরিণত হয়েছে। এই প্রতিকূলতার মধ্যেও ওয়েস্ট ব্যাংক, গাজা ও লেবাননের শরণার্থী শিবিরে ২০০টিরও বেশি ক্লাব পুনরায় খেলায় ফিরেছে।
যুদ্ধ ও সহিংসতায় শত শত অ্যাথলেট প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০২৫ সালে গাজায় ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা জাতীয় দলের ফরোয়ার্ড সুলেমান আল-ওবেইদ এবং ২০২৪ সালে অলিম্পিক দলের কোচ হানি আল-মাসদার নিহত হন। আবু হিলাল বলেন, আমরা ফিরে এসেছি কারণ আমরা বিশ্বকে প্রমাণ করতে চাই যে আমরা এমন এক জাতি যারা বাঁচতে চায়।
বর্তমানে ম্যাচ আয়োজনে পিএফএ দলগুলোকে ভৌগোলিক নৈকট্যের ভিত্তিতে সাজিয়েছে যাতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে না হয়। তবুও ইসরায়েলি সামরিক বাহিনীর কারণে চেকপয়েন্ট বন্ধ হয়ে গেলে ম্যাচ বাধাগ্রস্ত হয়। আবু হিলাল স্পষ্ট করেছেন, ম্যাচ পিছিয়ে দেওয়া হলেও তা বাতিল করা হবে না; বরং খেলা চালিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
আর্থিক সংকটের কারণে অনেক পেশাদার খেলোয়াড় এখন অপেশাদার হিসেবে খেলছেন। বেথলেহেমের আল-খাদের স্টেডিয়ামে দীর্ঘ তিন বছর পর আয়োজিত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট 'থাউজেন্ড মার্টার্স কাপ' ফিলিস্তিনিদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। এটি সেই ১,০১৪ জন অ্যাথলেটের স্মরণে আয়োজিত, যারা ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
আইদা শরণার্থী শিবিরের এওডি স্পোর্টস একাডেমির মাঠটি ধ্বংসের হুমকির মুখে থাকলেও আন্তর্জাতিক চাপে তা আপাতত স্থগিত রয়েছে। এই মাঠটি স্থানীয় শিশু ও কিশোরীদের জন্য খেলার একমাত্র জায়গা। খেলোয়াড়রা বলছেন, এই খেলা তাদের অস্তিত্বের জানান দেয় এবং চরম অনিশ্চয়তার মধ্যেও বেঁচে থাকার সাহস জোগায়।