উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইবার নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের এক পরীক্ষায় গুগলের জেমিনি এআই মডেল তিনটি সংস্থাকে হ্যাক করেছে বলে নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, গত মে মাসে ইরেগুলার নামের একটি প্রতিষ্ঠানের চালানো টেস্টের সময় এই ঘটনা ঘটে। একটি কাল্পনিক প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহের দায়িত্ব পাওয়ার পর মডেলটির ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছিল।
গুগলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স আল জাজিরাকে জানান, এআই মডেলটি অনলাইনে পাবলিক তথ্য খুঁজে পায় এবং ওয়েবসাইটের পাসওয়ার্ড অনুমান করে। প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের ঘটনা তিনবার ঘটেছিল এবং প্রতিবারই কাজটি সম্পন্ন করার আগেই জেমিনি নিজে থেকে থেমে যায়। জুলাইয়ের শেষ দিকে ইরেগুলার বিষয়টি গুগলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
গুগল জানায়, এই আচরণ মডেলের বিচ্যুতির কোনো উদাহরণ নয় এবং জেমিনির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কাজ করায় এটি জনসমক্ষে প্রকাশের প্রয়োজন ছিল না। ইরেগুলার জানিয়েছে, নিরাপদে এআই সাইবার নিরাপত্তা পরীক্ষা পরিচালনার জন্য তারা প্রক্রিয়া আরও উন্নত করার কাজ করছে। মেটা, অ্যানথ্রপিক এবং ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানও পূর্বে এ ধরনের ঘটনার কথা প্রকাশ করেছিল।