উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে ছিদ্দিক মিয়াজী (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজীর ছেলে।
পরিবারের সদস্য ও পুলিশের তথ্য অনুযায়ী, বেলা ১টার দিকে নিজের অটোরিকশা চালিয়ে চালক বাড়ির পাশের নওগাঁও আড়ংবাজার থেকে হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন। সে সময় অটোরিকশাটিতে কোনো যাত্রী ছিল না এবং নওগাঁও সেতু এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশের জলাবদ্ধ জমিতে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত চালকের বড় ভাই মো. হায়দার মিয়াজী জানান, তাঁর ভাই আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন এবং তাঁর আয়েই সংসার চলত। এখন তাঁর স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা বড় বিপদে পড়েছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোরিকশাচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।