উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার দুই বাসিন্দা এবং তাদের সহায়তার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দাহারকান্দ সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করেন। গতকাল রাতে কাঁটাতারের সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।পরে তাদের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গৌতম অধিকারী নামে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের নাম উল্লেখ করেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গৌতম অধিকারীর বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার মাগরায়। তিনি রাজস্থানের যোধপুরে কর্মরত ছিলেন এবং বর্তমানে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। দুই বাংলাদেশির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ওই দুই বাংলাদেশি কী উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এবং তাদের সঙ্গে ভারতীয় সেনাসদস্যের কী ধরনের যোগাযোগ ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার তিনজনকেই আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনাটির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।