উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ‘ধ্বংস’ করার পথে যেতে পারেন। তবে একই বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
আল জাজিরার প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি প্রশ্ন রাখেন—ইরানের সঙ্গে এমন একটি চুক্তি হবে কি না, যার মাধ্যমে দেশটি পুনর্গঠনের সুযোগ পাবে, নাকি তিনি ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করবেন।
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি না করার কোনো যৌক্তিক কারণ নেই।
জাতিসংঘের ভাষণে বিশ্বের দেশগুলোর প্রতি ইরানের সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানান ট্রাম্প।
তিনি বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসা এবং সন্ত্রাসে সমর্থন বন্ধ না করা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখা উচিত। ট্রাম্প আরও দাবি করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তাঁর ভাষায়, ঐক্যবদ্ধভাবে কাজ করা হলে ইরানি ‘সন্ত্রাসবাদের ৫১ বছরের হুমকি’ আর থাকবে না।
জাতিসংঘে বক্তব্যের সময় কিউবার পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, তাঁর প্রশাসন কিউবায় মৌলিক পরিবর্তন আনার জন্য কাজ করছে। ট্রাম্প কিউবার বর্তমান সরকারকে ‘কমিউনিস্ট শাসনব্যবস্থা’ হিসেবে উল্লেখ করে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, কিউবা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংকটের মধ্যে রয়েছে এবং দেশটির বর্তমান ব্যবস্থার পতন ঘটবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কখনো কমিউনিজম আসবে না, তবে কিউবায় স্বাধীনতা আসবে।
ট্রাম্পের বক্তব্যের সময় কিউবার প্রতিনিধি দল অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।