উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও বৈশ্বিক অভিঘাত ও অভ্যন্তরীণ চাপের কারণে এ পুনরুদ্ধার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সর্বশেষ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৬’-এ বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৪ শতাংশ হতে পারে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমেছে। তবে এর প্রভাব সীমিত থাকার প্রত্যাশা করছে এডিবি। চলতি বছরের শুরুর দিকে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগ ও বিনিয়োগ বাড়তে পারে—এমন প্রত্যাশাও প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে বৈশ্বিক অভিঘাত ও অভ্যন্তরীণ চাপের কারণে এ পুনরুদ্ধার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশে সংস্কার দ্রুত করার ওপর গুরুত্ব দেন। তার মতে, বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়ানো ও মানসম্মত কর্মসংস্থান তৈরির জন্য এসব সংস্কার গুরুত্বপূর্ণ।
এডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ১০ শতাংশ থাকা মূল্যস্ফীতি ২০২৫-২৬ অর্থবছরে আনুমানিক ৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে তা আবার বেড়ে ৯ শতাংশ হতে পারে। জ্বালানি সংকট, উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি, সম্ভাব্য নৌপরিবহন ব্যাঘাত, খাদ্যপণ্যের দামে এল নিনোর বিলম্বিত প্রভাব এবং ধীরে ধীরে মুদ্রানীতি শিথিল হওয়ার কারণে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা করছে সংস্থাটি।
এডিবি বলছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি জিডিপির আনুমানিক দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে দশমিক ৬ শতাংশ হতে পারে। রফতানির তুলনায় আমদানি বেশি হারে বাড়ার কারণে এ ঘাটতি বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও প্রবাসী আয় প্রবাহ স্থিতিশীল থাকবে বলে ধারণা করছে এডিবি। শক্তিশালী প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছে সংস্থাটি। তবে এ স্থিতিশীলতা ধরে রাখতে পর্যাপ্ত আর্থিক প্রবাহ, বিনিময় হারের নমনীয়তা এবং বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রয়োজন হবে।
২০২৬-২৭ অর্থবছরে সেবা ও কৃষি খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছে এডিবি। বিপরীতে উচ্চ ঋণ ব্যয়, ঋণের সীমিত প্রাপ্যতা, জ্বালানি সংকট, বৈদেশিক চাহিদা দুর্বল থাকা এবং অন্যান্য কাঠামোগত সমস্যার কারণে শিল্প ও বিনিয়োগ খাতের গতি বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী আয়ের সহায়তায় বেসরকারি ভোগ ব্যয় প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে থাকতে পারে। তবে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলে পরিবারের ক্রয়ক্ষমতার ওপর চাপ থাকবে।
বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ কয়েকটি নিম্নমুখী ঝুঁকি চিহ্নিত করেছে এডিবি। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক নৌপরিবহনে আরও বিঘ্ন, বাণিজ্য বিধিনিষেধ কঠোর হওয়া এবং বাংলাদেশের প্রধান রফতানি বাজারগুলোতে প্রবৃদ্ধি কমে যাওয়া। এ ছাড়া বিনিময় হারের ওপর অব্যাহত চাপ, ব্যাংকিং খাতে বাড়তি চাপ, রাজস্ব সংস্কারে বিলম্ব, প্রত্যাশার তুলনায় কম উন্নয়ন ব্যয় এবং জলবায়ুজনিত ধাক্কাকেও গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে দেখছে সংস্থাটি। এডিবির মতে, এসব ঝুঁকি বাস্তবে তীব্র হলে বাংলাদেশের প্রবৃদ্ধি দুর্বল হতে পারে এবং মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থেকে যেতে পারে।