উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ নিয়ে এবার সরব হয়েছে উপজেলা প্রশাসন। সড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা। সম্প্রতি পঞ্চসার ইউনিয়নের মূল সড়ক পরিদর্শনের সময় সড়কের পাশে ময়লার স্তূপ দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সংশ্লিষ্টদের তা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণ না করতে স্থানীয়দের সচেতন করার নির্দেশ দেন ইউএনও। ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি সড়কের সৌন্দর্য নষ্ট এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সংশ্লিষ্টদের নির্দেশ দেন, যারা রাস্তার পাশে ময়লা ফেলছেন তাদের প্রথমে সচেতন করতে হবে।এরপরও নির্দেশনা অমান্য করে সড়কের পাশে ময়লা ফেলা অব্যাহত থাকলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রশাসনের এ নির্দেশনার ফলে পঞ্চসারের গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লা ফেলার প্রবণতা কমবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তবে শুধু ময়লার স্তূপ অপসারণ নয়, ভবিষ্যতে যাতে একই স্থানে আবার ময়লা জমতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।