উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে অনুমোদনহীন, অপরিশোধিত ও মানহীন জার পানি সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ৫ হাজারের বেশি পানির জার ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই। অভিযানে অনুমোদনহীন, অপরিশোধিত ও মানহীন জার পানি সরবরাহের অভিযোগে এসব জার নষ্ট করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
বিএসটিআই কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরিশোধিত ও দূষিত পানির সরবরাহের অভিযোগ রয়েছে। অনেক পানির জার পরিবেশক বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন।
আবার অনুমোদন নিয়ে ব্যবসা করা অনেক প্রতিষ্ঠানও নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করছে না বলে অভিযোগ রয়েছে। কর্মকর্তারা আরও জানান, কিছু জার ফুডগ্রেড না হওয়া সত্ত্বেও বছরের পর বছর ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে এসব জারে শেওলা জমার পাশাপাশি পানিতে ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা তৈরি হচ্ছে। অভিযানে কিছু পানিতে মাইক্রোপ্লাস্টিকের মতো ক্ষতিকর উপাদান এবং মানুষের মলের জীবাণুর উপস্থিতি পাওয়ার কথাও জানিয়েছেন তারা।
বিএসটিআই কর্মকর্তাদের ভাষ্য, অপরিশোধিত ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পানির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে জার পানির ব্যাপক ব্যবহার থাকায় অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পানি সংগ্রহ এবং জারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে ভোক্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।