উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিভিয়ার আন্দিজ পর্বতমালা সংলগ্ন ইউঙ্গাস ক্লাউড ফরেস্টে নতুন প্রজাতির এক বন্য বিড়ালের সন্ধান পেয়েছেন গবেষকরা। 'লিওপার্ডাস টিলকায়ো' (Leopardus tilcayo) নামের এই প্রাণীটিকে দীর্ঘ ১০ বছরের গবেষণার পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৯২৩ সালের পর এই প্রথম বিড়াল পরিবারের নতুন কোনো প্রজাতি আবিষ্কৃত হলো।
২০১৬ সালে স্থানীয় এক ব্যক্তি বনের ধারে একটি বিড়ালছানা খুঁজে পেয়ে সেটিকে পোষ্য হিসেবে বাড়িতে নিয়ে আসেন। পরে বন্য স্বভাবের কারণে সেটিকে 'সেন্ডা ভার্দে' নামের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়। সেখানে বলিভিয়ান ফেলিডস রিসার্চ প্রোগ্রামের জীববিজ্ঞানী পাওলা নোগালেস আসকারুনজ প্রাণীটিকে দেখে এর বিশেষ শারীরিক গঠন লক্ষ্য করেন এবং গবেষণার উদ্যোগ নেন।
গবেষকরা বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, পেরুসহ বিভিন্ন দেশের সংগৃহীত ডিএনএ বিশ্লেষণ করে দেখেন যে, এটি অন্য সব টাইগার ক্যাটের চেয়ে আলাদা। জোনাস লেসক্রোয়ার্টসহ আন্তর্জাতিক গবেষক দলের এই গবেষণায় মোট পাঁচটি পৃথক প্রজাতির টাইগার ক্যাটের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। স্থানীয়রা এই বিড়ালকে 'টিলকায়ো' নামে চিনতেন, যা থেকেই এর নামকরণ করা হয়েছে।
বর্তমানে এই প্রজাতির বিড়ালের সঠিক সংখ্যা বা তাদের বিচরণক্ষেত্র সম্পর্কে খুব বেশি তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তবে গবেষকদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন ও বনের ক্ষতির ফলে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। নতুন এই আবিষ্কারের ফলে এখন থেকে প্রতিটি প্রজাতিকে আলাদাভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।