উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার বা ইউএনও বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছিলেন তাঁরা।
উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে ২৪৬টি পরিবার বসবাস করছে বলে মানববন্ধনে জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় বক্তব্য দেন বাসিন্দা জিয়াউর রহমান, সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম ও রামপ্রসাদ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, তাঁদের কেবল থাকার জায়গা দেওয়া হলেও কেউ তাঁদের অন্যান্য সমস্যার কথা শোনেন না। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াত করতে গিয়ে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসিন্দাদের অধিকাংশই শ্রমজীবী এবং তাঁদের অনেকেই রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে বক্তারা উল্লেখ করেন। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার কারণে অনেক সময় রিকশা-ভ্যান নিয়ে বাইরে বের হতে পারেন না তাঁরা। এতে তাঁদের আয়-রোজগার বন্ধ হয়ে যায় এবং আর্থিক সংকটে পড়তে হয়। সড়কটি পাকাকরণ ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সড়কটি পাকা হলে জীবিকা নির্বাহের পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে জানান বাসিন্দারা। এই পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁরা।