উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের মানুষ যখন নানামুখী সংকটে জর্জরিত, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো সুযোগ নেই। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় এই কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, গোটা সমাজ যখন সংকটে হাবুডুবু খাচ্ছে, তখন সংসদ সদস্যরা নিজেদের সুযোগ-সুবিধা বাড়াবেন—এমন প্রশ্নই ওঠে না। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তার তীব্র বিরোধিতা করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে তারা জনগণের প্রয়োজনে সংসদ সদস্য হয়েছেন, কোনো বেতনের বিনিময়ে রাজনীতি করতে আসেননি। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটলে তবেই সবার সঙ্গে অংশীদার হতে তাদের কোনো আপত্তি থাকবে না। নির্বাচনের আগেই জামায়াতের সংসদ সদস্যরা সরকারি প্লট এবং শুল্কমুক্ত গাড়ি নেওয়ার সুবিধা বর্জন করার ঘোষণা দিয়েছিলেন এবং সংসদেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দলও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের প্রতি অভিনন্দন জানানো হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি ঠিক থাকলে অন্য প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিও শক্তিশালী হয়। তবে অনেক সময় তার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করে ফটোকার্ড তৈরি করা হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের বেতন-বোনাসসহ অন্যান্য অধিকারের বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সমস্যাগুলো লিখিত আকারে পেলে তাদের পক্ষে সংসদে কাজ করা সহজতর হবে।
সংসদের কার্যকারিতা ও বিভিন্ন জাতীয় সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি জানান, জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতো জরুরি বিষয়ে তারা দফায় দফায় নোটিশ দিলেও সব সময় আলোচনার সুযোগ পাওয়া যায় না। তবে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, এর ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে বাজারের প্রতিটি পণ্যের দামে মারাত্মক প্রভাব পড়ে। পোশাক খাতের সংকট ও শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, তাদের লংমার্চসহ সব রাজনৈতিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।