উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক নিষ্ক্রিয়তা ভেঙে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, অনির্দিষ্টকাল ধরে এই বিশাল মানবিক দায়িত্ব কেবল বাংলাদেশ একা বহন করতে পারবে না। গাম্বিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অংশীদার ও বিশ্বনেতারা উপস্থিত ছিলেন।<মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী সংকট উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ৫টি সুনির্দিষ্ট জরুরি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে দ্রুত প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন, বেসামরিক জনগণের ওপর সহিংসতা বন্ধ, পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
তারেক রহমান বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক বিশাল মানবিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং আমরা এখনো ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছি। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির ব্যয় প্রতিদিন বাড়ছে এবং কক্সবাজারের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ এখন বিপুল। তিনি বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গাদের ভাগ্য যেন নিপীড়ন, বিতাড়ন ও বাস্তুচ্যুতির আরেকটি গল্প হয়ে না থাকে, বরং তা হয়ে উঠুক ন্যায়বিচার, মর্যাদা ও আশার গল্প।