উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনের মাদ্রিদে ৭১ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ৮৭ বছর বয়সী এক নারীকে। বুধবারের এ উচ্ছেদকে ঘিরে ভবনের বাইরে বিক্ষোভ করেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম মারিকারমেন আবাসকাল। মাদ্রিদের অভিজাত রেতিরো এলাকায় যে অ্যাপার্টমেন্টে তিনি সাত দশকের বেশি সময় ধরে বসবাস করছিলেন, সেটি একটি বিনিয়োগ তহবিল অধিগ্রহণের পর তার ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। উচ্ছেদের দিন তাকে মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে সামাজিক সেবা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে স্ট্রেচারে করে ভবন থেকে বের করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়।উচ্ছেদের আগে আবাসকাল সাংবাদিকদের বলেছিলেন, “আমি এখানে ৭১ বছর ধরে বসবাস করছি এবং আমি যেতে চাই না।”
তার আইনজীবী বিট্রিজ দুরো বলেন, আদালতে একটি আবেদন বিচারাধীন থাকা, মানবিক বিবেচনার আবেদন এবং বিকল্প আবাসনের ব্যবস্থা করতে সরকারি কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও উচ্ছেদ স্থগিত করা হয়নি। আইনজীবীর দাবি, এক অজ্ঞাত ব্যক্তি আবাসকালের ভাড়ার অর্থ পরিশোধের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাড়ির মালিক নতুন করে ইজারা চুক্তি করতে রাজি হননি। অ্যাপার্টমেন্টটির মালিকানা রয়েছে উরবাগেসতিওন নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে। রয়টার্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
উচ্ছেদের সময় ভবনের বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা প্রবেশপথ আটকে দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শী প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে হাত-পা ধরে টেনে সরিয়ে দেয় এবং কয়েকজনকে ধাক্কা দিয়ে সরানো হয়। এই ঘটনা স্পেনের আবাসন সংকট নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে এনেছে। দেশটির বড় শহরগুলোতে বাড়িভাড়া বৃদ্ধি, জেন্ট্রিফিকেশন এবং সাশ্রয়ী আবাসনের সংকট দীর্ঘমেয়াদি ভাড়াটিয়াদের ওপর চাপ বাড়াচ্ছে। স্পেনের বামপন্থী জোট সরকার ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার এবং ভাড়া নিয়ন্ত্রণ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তবে বিভক্ত পার্লামেন্টে এসব উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সমর্থন পাওয়া কঠিন হচ্ছে। অন্যদিকে মাদ্রিদের রক্ষণশীল আঞ্চলিক সরকার আবাসন বাজারে তুলনামূলকভাবে বাজারনির্ভর নীতির পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে উচ্ছেদকে ঘিরে মাদ্রিদের আঞ্চলিক নেতা ইসাবেল দিয়াজ আয়ুসোর নামও উঠে আসে। তার সরকারের বিরুদ্ধে সরকারি রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে ৬৩ লাখ ইউরোর একটি বিলাসবহুল পেন্টহাউস কেনা নিয়ে বিতর্ক চলছে। বিরোধীরা অভিযোগ করেছে, আয়ুসো ব্যক্তিগত বাসস্থান হিসেবে এটি ব্যবহারের চেষ্টা করছেন এবং সরকারি ব্যয় ও স্বচ্ছতার নিয়ম এড়িয়ে যাচ্ছেন। আয়ুসো এ অভিযোগ অস্বীকার করেছেন।
উচ্ছেদের সময় বিক্ষোভকারীদের স্লোগান ছিল—“আয়ুসোর পেন্টহাউস মারিকারমেনের জন্য!” ঘটনাটি স্পেনে দীর্ঘমেয়াদি ভাড়াটিয়াদের অধিকার, বাড়িভাড়া বৃদ্ধি এবং সাশ্রয়ী আবাসনের সংকট নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।