উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষায় গ্যারান্টি ক্লজ রাখার কথাও জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে দুই দেশের বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হচ্ছে। এরপর চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তি করা হবে—এ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের অবস্থান হলো, শুধু পুরোনো চুক্তি নবায়ন নয়; দেশের স্বার্থ নিশ্চিত করে নতুন চুক্তি করা।
তিনি বলেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকা প্রয়োজন, যাতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।
নদীর গুরুত্ব তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীর ওপর পড়ছে। নদীদূষণ বন্ধে দূষণের মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মেয়াদ ৩০ বছর। ফলে চলতি বছরের শেষ দিকে এর মেয়াদ পূর্ণ হওয়ার কথা রয়েছে।