উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রযাত্রাকে কোনো ঝড়ই থামিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব উভয় দেশের সরকার ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সময়ের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
বুধবার রাজধানীর একটি হোটেলে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথি ছিলেন।
ইয়াও ওয়েন বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী এবং চীন-বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ১০ম বছর। বাংলাদেশের নতুন সরকারকে দেশ পরিচালনায় চীন সমর্থন করছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন সমর্থন করে এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পক্ষেও চীন রয়েছে।
ইয়াও ওয়েন বলেন, এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চীন সফর করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সফরের মধ্য দিয়ে দুই দেশ নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বে দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নীত করেছে। এতে দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়নে নতুন গতি তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশে নিজের দায়িত্ব পালনের সময়ের কথা তুলে ধরে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তিন বছর নয় মাসের দায়িত্ব শেষে কয়েক দিনের মধ্যেই তিনি বাংলাদেশ ছাড়বেন। এ সময়ের স্মৃতি এবং বাংলাদেশের মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তিনি গভীরভাবে স্মরণ করবেন বলে জানান।
বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও সাম্প্রতিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কার ও উন্নয়নের নতুন পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশের তরুণদের আশাবাদ ও এগিয়ে যাওয়ার প্রত্যয় তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, গত তিন বছরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনি মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এ সময় অনেক বাংলাদেশির সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়েছে এবং এসব স্মৃতি তিনি সারাজীবন ধরে রাখবেন।
চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথ আরও বিস্তৃত হবে। তিনি দুই দেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।