উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে উদ্ধার করা জাল নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সমন্বয়ে মুন্সীগঞ্জ বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানকালে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার কাগজি বাড়ির গলিতে পরিত্যক্ত অবস্থায় সাদা চটের চারটি বস্তা দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। বস্তাগুলো তল্লাশি করে আনুমানিক তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এ সময় জালের মালিককে শনাক্ত করতে আশপাশের এলাকায় প্রকাশ্যে ও গোপনে খোঁজ নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জালের মালিক বা সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে উদ্ধার করা কারেন্ট জাল নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।