উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশাল সদর নৌ থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি চায়না চাই উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাতানো ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি চায়না চাই উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা মালিকবিহীন জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে ২০০ ও ১৫০ মিটার কারেন্ট জালসহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাইয়ের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।