উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভিকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রজাতন্ত্রের কর্মচারীর কর্তব্য পালনে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শ্রীনগরে সরকারি খালের জায়গা ড্রেজার দিয়ে ভরাটে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পার্থ ও অভির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলা করা হয়। মামলার নম্বর ২১(৯)/২৬। মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় সরকারি খালের জায়গা ভরাটের খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে সরকারি কাজে বাধা এবং ভূমি অফিসের কর্মচারী ও অটোরিকশাচালককে মারধরের অভিযোগ করা হয়েছে। পরে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে বহিষ্কারের এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে মামলার বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানিয়েছেন, ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।