উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে সভাপতির কার্যালয়ের টিম তালিকায় জাইমা রহমানকে ‘Legal Officer’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন। বাংলাদেশি কূটনীতিক মো. আব্দুল আলিম কার্যালয়ের ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন অ্যাডভাইজার ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাইমা রহমান তাঁর দায়িত্বে সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯০টি বৈধ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিসকে পরাজিত করেন। ৮ সেপ্টেম্বর তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। জাইমা আইন বিষয়ে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশোনা করেছেন এবং পরে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের সরাসরি কর্মী নন এবং প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা ও আবাসনসহ বিভিন্ন ব্যয় সাধারণত সংশ্লিষ্ট দেশ বা সরকার বহন করে; কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহ হতে পারে।