উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ কোনো ধরনের অফিসিয়াল রেকর্ড ছাড়াই বরিশাল র্যাব-৮ কার্যালয়ে রাখা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন সাবেক র্যাব কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী। বৃহস্পতিবার সাবেক র্যাব পরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের ১৩ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাব্বির রহমান ওসমানী। জেরার সময় তিনি এসব তথ্য জানান। আসামিপক্ষের আইনজীবী মো. শাহিদুর রহমানের প্রশ্নের জবাবে সাব্বির বলেন, জিয়াউল আহসান তাঁদের বরিশাল র্যাব-৮ কার্যালয়ে কিছু অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ রেখেছিলেন, যার কোনো অফিসিয়াল রেকর্ড ছিল না। ওই অস্ত্র ও গোলাবারুদের উৎস সম্পর্কে জানতে চাইলে সাক্ষী জানান, সেগুলো ১০ ট্রাক অস্ত্র মামলায় জব্দ করা অস্ত্রের অংশ ছিল। সাব্বির রহমান ২০০৯ সালের অক্টোবরে র্যাব-৮-এর উপঅধিনায়ক হিসেবে যোগ দেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। সে সময় জিয়াউল আহসান র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন।
জেরায় সাব্বির রহমান আরও বলেন, আলকাস মাঝিকে হত্যার নির্দেশ জিয়াউল আহসানের কাছ থেকে পাওয়ার পর তিনি বিষয়টি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাননি। সাক্ষীর ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে বা গোপনে লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে আলকাস মাঝির মতো তাঁরও পরিণতি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি ভয় পেয়েছিলেন। ট্রাইব্যুনালে দেওয়া আগের সাক্ষ্যে সাব্বির জানিয়েছিলেন, ২০১১ সালের জুনে জিয়াউল আহসান তাঁকে ফোন করে আলকাস মাঝির বিষয়ে জানতে চান। সাক্ষ্য অনুযায়ী, আলকাস র্যাবের একটি কথিত ‘গলফ অপারেশন’-এ ব্যবহৃত হতেন। সাব্বিরের ভাষ্য, আলকাস চরদুয়ানি বাজারে ওই ধরনের অভিযান সম্পর্কে তথ্য প্রকাশ করছেন এবং র্যাবের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছেন—এমন কথা বলে জিয়াউল আহসান তাঁকে আলকাসকে হত্যার নির্দেশ দেন বলে তিনি সাক্ষ্যে উল্লেখ করেন। সাক্ষী জানান, পরে আলকাসের পরিবারের কাছ থেকে তিনি জানতে পারেন যে আলকাস নিখোঁজ হয়েছেন।
জেরার সময় ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধইঞ্চাবাড়িতে র্যাব-৮-এর একটি অভিযানের বিষয়ও উঠে আসে। ওই ঘটনায় আলকাসসহ চারজন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। সাব্বির রহমান বলেন, ওই অভিযানের কথা তাঁর মনে নেই। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, ওই ঘটনার পরদিন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং ঘটনাস্থল থেকে সাব্বির সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছিলেন। তবে সাক্ষী বলেন, তিনি এমন কোনো মন্তব্য করেছিলেন কি না, তা তাঁর মনে নেই। আসামিপক্ষের পক্ষ থেকে ঘটনাটিকে র্যাব ও ‘রাজু বাহিনী’র মধ্যে কথিত বন্দুকযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হলে সাক্ষী বলেন, “কথাটি সত্যি নয়।” সাব্বির আরও জানান, পরবর্তী সময়ে সেনাবাহিনীতে ফিরে গিয়ে জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত বিভিন্ন অভিযানের বিষয়ে তিনি তৎকালীন সেনাপ্রধানকে মৌখিকভাবে জানিয়েছিলেন। জিয়াউল আহসানের বিরুদ্ধে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ১০৪ জনকে গুম ও হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।