উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা সন্ত্রাসী, যারা আগুন লাগাচ্ছে, যারা বোমাবাজি করছে, তারা বাংলাদেশের স্বাধীনতার ও গণতন্ত্রের শত্রু। সাম্প্রতিক ঘটনাগুলো পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, আজকে পত্রিকায় এসেছে বিদেশি নম্বর থেকে নির্দেশনা আসছে এবং ফোন নম্বরটি পার্শ্ববর্তী দেশের। এ সময় তিনি সবাইকে সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখছেন উল্লেখ করে রিজভী জ্বালানি ও গ্যাস-সংকট নিয়ে কথা বলেন। তিনি জানান, গ্যাস ও জ্বালানি তেলের জাহাজ আসা শুরু হলে আবারও মূল্য সমন্বয় করা হবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণকে কখনো কষ্ট দিতে চায় না। বর্তমান সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি একে জনগণের ও স্বাধীনতার পক্ষের সরকার বলে অভিহিত করেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।