উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং এলজিইডির নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনা করে এই সোলার সিস্টেম বসাতে হবে। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজেদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নবায়নযোগ্য জ্বালানি প্রসারে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ বাধ্যতামূলক করা হয়েছে এবং নেট মিটারিং পদ্ধতিতে গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ৫০ পয়সা নির্ধারিত হয়েছে।
হাট ও বাজার বিধিমালা অনুযায়ী ইজারার আয়ের নির্দিষ্ট অংশ ব্যবহার করে এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করতে হবে। প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরের নির্দেশ রয়েছে।