উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও গম আমদানি শুরু হয়েছে। দীর্ঘ প্রায় তিন বছর আমদানি বন্ধ থাকার পর চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে ভারত থেকে গম আসতে শুরু করায় সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে মণপ্রতি সর্বোচ্চ ১২০ টাকা এবং খুচরা বাজারে কেজিতে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত দাম কমেছে।ব্যবসায়ীরা বলছেন, বাজারে গমের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, গত আড়াই থেকে তিন বছর দেশে গম আমদানি বন্ধ ছিল। তবে চলতি অর্থবছরের শুরুতে আমদানি পুনরায় শুরু হয়। অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ভোমরা স্থলবন্দর দিয়ে ৩ কোটি ৩ লাখ টাকা মূল্যের ৭৫৩ টন গম আমদানি হয়েছে। এর আগের ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দর দিয়ে কোনো গম আমদানি হয়নি।
ভোমরা স্থলবন্দরের কৃষিজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত গম রপ্তানি বন্ধ করে দেয়। এরপর ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় তিন বছর গম আমদানি বন্ধ ছিল। চলতি অর্থবছরে ভারত আবার গম রপ্তানি শুরু করায় ব্যবসায়ীরাও ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু করেছেন। সাতক্ষীরার গম কেনাবেচার অন্যতম বড় মোকাম পাটকেলঘাটা বাজার। এখানকার আটা উৎপাদন ও পাইকারি গম বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের পরিচালক গোবিন্দ সাধু জানান, ভারতীয় গম আমদানি শুরুর পর পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই দাম কমেছে।
তিনি বলেন, এক মাস আগে পাইকারিতে প্রতি কেজি গম ৩৯ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৬ টাকায় নেমেছে। অর্থাৎ মণপ্রতি প্রায় ১২০ টাকা কমেছে। একইভাবে খুচরা বাজারেও প্রতি কেজিতে প্রায় ৪ টাকা কমেছে। আগে ৪২ টাকা কেজি দরে বিক্রি হওয়া গম এখন ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, বাজারে যেকোনো পণ্যের সরবরাহ বাড়লে সাধারণত তার দাম কমে যায়। দীর্ঘদিন ভারত থেকে গম আমদানি বন্ধ থাকায় গমের দাম কিছুটা বেশি ছিল।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৫০৫ হেক্টর জমিতে ১ হাজার ৬৮৬ টন গম উৎপাদন হয়েছে। স্থানীয় চাহিদার তুলনায় এ উৎপাদন তুলনামূলকভাবে কম।