উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিরল ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদ হলে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। ফলে একই পরিবারের বাবা, মা ও ছেলে—তিনজন রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার একটি বিরল নজির তৈরি হয়েছে বলে বাসস জানিয়েছে। ভাষণের শুরুতেই পারিবারিক সেই স্মৃতির কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি কিছুটা স্মৃতিকাতর। তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া একই মঞ্চে দাঁড়িয়ে দেশ ও জনগণের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। একইভাবে তিনিও দেশ ও জনগণের স্বার্থ এবং শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।
বিশ্ব শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তির ভবিষ্যৎ তাঁর বক্তব্যে গুরুত্ব পায়। তিনি বলেন, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত। বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তিনি বলেন, এই সংকটের উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানেই নিহিত। নিরাপদে ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনকেই তিনি সংকটের সমাধান হিসেবে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি। জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বের ভবিষ্যৎ গড়ে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশের কথা উল্লেখ করে তিনি এসব প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের কার্যকর নীতিমালা গ্রহণের কথাও বলেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের সঙ্গে তারেক রহমানের পরিবারের যোগসূত্র চার দশকেরও বেশি সময়ের। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন তিনি। এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সভা, ২০০২ সালে শিশু বিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশন চলাকালীন দুটি পৃথক সভাতেও বক্তব্য দেন খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলায় ভাষণ দিলেন তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, মানবাধিকার, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত অগ্রগতির মতো বৈশ্বিক বিষয়গুলোও উঠে আসে।