ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Category Ads 1

স্বাস্থ্য-চিকিৎসা

Category Ads 2

ওজন কমানো ও ডায়াবেটিসের ওষুধে অন্ধত্বের ঝুঁকি, সতর্কবার্তা যুক্তের নির্দেশ এফডিএর

ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধে হঠাৎ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এ কারণে এসব ওষুধের লেবেলে বিরল চোখের রোগের ঝুঁকি উল্লেখ করে নতুন সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।সোমবার (৯ নভেম্বর) দেওয়া এ নির্দেশনায় নোভো নরডিস্কের ওজেম্পিক ও ওয়েগোভি এবং এলি লিলির মাউঞ্জারো ও জেপবাউন্ডসহ জিএলপি-১ শ্রেণির বিভিন্ন ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত পুরোনো কয়েকটি জিএলপি-১ ওষুধও এ নির্দেশনার আওতায় থাকবে।এফডিএর উদ্বেগের কারণ নন-আটারিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি (এনএআইওএন) নামের একটি বিরল চোখের রোগ। এ রোগে চোখের অপটিক নার্ভে রক্তপ্রবাহ ব্যাহত হয়। ফলে হঠাৎ, সাধারণত ব্যথাহীনভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এক চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।এফডিএ জানিয়েছে, জিএলপি-১ শ্রেণির ওষুধ ব্যবহারের সঙ্গে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে। তবে ওষুধগুলো সরাসরি এ রোগের কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।২০২৪ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী 'জামা অফথালমোলজি'তে প্রকাশিত একটি গবেষণার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এফডিএ। ওই গবেষণায় দেখা যায়, সেমাগ্লুটাইড ব্যবহারের জন্য ব্যবস্থাপত্র পাওয়া ডায়াবেটিস রোগীদের মধ্যে এনএআইওএন হওয়ার ঝুঁকি ওষুধটি ব্যবহার না করা রোগীদের তুলনায় প্রায় চার গুণ বেশি ছিল।পরবর্তী সময়ে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ ব্যবস্থায় জমা পড়া প্রতিবেদন এবং বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি। এতে বাজারে থাকা বিভিন্ন জিএলপি-১ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এনএআইওএন আক্রান্ত হওয়ার ঘটনা পাওয়া যায়। তবে কীভাবে এসব ওষুধ চোখের এ রোগের ঝুঁকি বাড়াতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কার্যপ্রক্রিয়া শনাক্ত করতে পারেননি এফডিএর বিজ্ঞানীরা।বিশেষজ্ঞদের মতে, টাইপ-২ ডায়াবেটিস, স্থূলতা, স্লিপ অ্যাপনিয়া ও উচ্চ রক্তচাপের মতো শারীরিক অবস্থা এনএআইওএন রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। এসব সমস্যার অনেকগুলোই জিএলপি-১ ওষুধ ব্যবহারকারীদের মধ্যে দেখা যায়।শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিনের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মানজোত গিল বলেন, ওষুধের লেবেলে সতর্কবার্তা যুক্ত করার বিষয়ে এফডিএর নির্দেশনা যথাযথ। ওষুধগুলো সরাসরি এ রোগের কারণ কি না, তা স্পষ্ট না হলেও ঝুঁকি বাড়ানোর সম্ভাবনার পক্ষে প্রমাণ রয়েছে।তবে রোগটি অত্যন্ত বিরল হওয়ায় এ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। রোগীদের আতঙ্কিত হয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এ বিশেষজ্ঞ। তাঁর মতে, দৃষ্টিশক্তিতে সামান্য পরিবর্তন দেখা দিলেও দ্রুত চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।আমেরিকান একাডেমি অব অফথালমোলজির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অপটিক নার্ভের রোগগুলোর মধ্যে এনএআইওএন দ্বিতীয় সর্বাধিক দেখা যায়। ৫০ বছরের বেশি বয়সী প্রতি এক লাখ মানুষের মধ্যে সর্বোচ্চ ১০ জন এ রোগে আক্রান্ত হন।এফডিএর সতর্কবার্তায় বলা হয়েছে, জিএলপি-১ ওষুধ ব্যবহারকারী রোগী ও তাঁদের চিকিৎসাসেবাদানকারীদের এনএআইওএন-এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে এক চোখে হঠাৎ ও ব্যথাহীনভাবে দৃষ্টিশক্তি কমে গেলে দ্রুত চিকিৎসা নিতে হবে।এর আগে নোভো নরডিস্ক ও এলি লিলির এসব ওষুধের লেবেলে অগ্ন্যাশয়ের প্রদাহ, পিত্তথলির সমস্যা ও কিডনির ক্ষতির মতো পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি কিছু ওষুধের লেবেলে থাইরয়েডের টিউমারের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কবার্তা বা ব্ল্যাক বক্স ওয়ার্নিংও রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, নতুন সতর্কবার্তার অর্থ এই নয় যে এসব ওষুধ ব্যবহারকারীদের সবার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। বরং সম্ভাব্য বিরল ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং দৃষ্টিশক্তিতে আকস্মিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই গুরুত্বপূর্ণ।

ওজন কমানো ও ডায়াবেটিসের ওষুধে অন্ধত্বের ঝুঁকি, সতর্কবার্তা যুক্তের নির্দেশ এফডিএর
Category Ads 3
Category Ads 8